বিজ্ঞান জাদুঘরের উন্নয়নে অংশীদার হচ্ছে সেনাবাহিনী

২৬ জানুয়ারি, ২০২১ ১৭:৪৭  
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সকল উন্নয়নমূলক কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা নেয়া হবে বলে জানিয়েছেন জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। মঙ্গলবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রায় ৪০ হাজার বর্গফুট আয়তনের ফ্লোর টাইলস স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এ তথ্য জানান তিনি। বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিএমটিএফ এর জি.এম (মার্কেটিং) লেফটেন্যান্ট কর্ণেল মাহবুব এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “দক্ষতা, সততা ও জবাবদিহিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম শীর্ষে বিধায় জাদুঘরের উন্নয়নকাজে বাংলাদেশ সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হয়েছে। বিজ্ঞান জাদুঘরকে আধুনিক মানে উন্নীত করতে অবকাঠামোগত সংস্কার অনিবার্য হয়ে পড়েছে। এখন থেকে সেনাবাহিনী আমাদের উন্নয়নের অংশীদার।” বিজ্ঞান জাদুঘরের কর্তৃপক্ষ সূত্রে জানাগেছে কোটি টাকা ব্যয়ে বিবর্ণ ও নষ্ঠ হয়ে যাওয়া জাদুঘরের ৭টি গ্যালারির মোজাইক পরিবর্তন করে আধুনিক টাইলস স্থাপন করে বিজ্ঞান জাদুঘর দর্শক বান্ধব ও দৃষ্টিনন্দন করার পরিকল্পনা নেয়া হয়েছে।